এক বছর বন্ধ থাকার পর আগামী ২৬ মার্চ চালু হচ্ছে ঢাকা-বরিশাল রুটে রাষ্ট্রীয় বিমান। এই রুটে ৩ হাজার ২০০ টাকায় টিকিট পাচ্ছেন বাংলাদেশ বিমানের যাত্রীরা। নতুন ও আধুনিক প্রযুক্তিনির্ভর ড্যাশ এইট কিউ-৪০০ বিমানে সপ্তাহে সাত দিন ফ্লাইট থাকছে এই আকাশপথে। বৃহস্পতিবার বিকালে এবং বাকি ছয় দিন সকালে থাকছে ফ্লাইট।
গতকাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিক সম্মেলনে বিমান চালুর বিষয়ে রাষ্ট্রীয় বিমানসহ অন্যান্য যাত্রী সার্ভিসের বিষয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে নানা উদ্যোগের কথা জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমানের বরিশালের ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ডু জানান, ড্যাশ এইট কিউ-৪০০ বিমানের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এর মাধ্যমে বর্তমান করোনা পরিস্থিতিতে সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ৯৯ দশমিক ৯৮ ভাগ দূর করতে হেপা ফিলট্রেশন পদ্ধতি রয়েছে। এছাড়া সব কেবিন তিন থেকে চার মিনিট পরপর বিশুদ্ধ বাতাসের মাধ্যমে পরিশোধন করার ব্যবস্থা থাকছে।
যাত্রীদের প্রাপ্যতা বিবেচনায় বিমান চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় এবং বরিশাল থেকে ঢাকা বিকাল ৪টা ৪০ মিনিটে বিমান উড্ডয়ন করবে। এছাড়া বাকি ছয় দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে।