খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

খুলনায় ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদ মোল্লা, মেজবাহ মোল্লা, মোরতোজা ও টুটুল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মোস্ত মোল্লা, সেলিম শিকদার, নাসির শিকদার, মেহেদী মোল্লা ও শহিদুল শিকদার। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোরতোজা ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেহেদী পলাতক। মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৫ আগস্ট রাতে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ঐ রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই হিরু শেখ তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান।