ঢাকা মেডিক্যালের অগ্নিকাণ্ডে আরো এক জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনায় স্থানান্তার করা মোমেনা (৪৫) নামে এক রোগী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবসা্থয় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

পুরাতন বার্ন (বর্তমানে করোনা ইউনিট) ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. এ এফ এম আরিফুল ইসলাম নবীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার অগ্নিকান্ডের পর ৮জন রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে আনা হয়। চিকিত্সাধীন তাদের মধ্যে মোমেনা মৃত্যু বরণ করেছেন।এই ঘটনায় আরো ৬ জন আইসিইউতে ও ৩ জন এইচডিইউতে ভর্তি রয়েছে। তাদের শারীরিক অবস্থা আগের মতই রয়েছে।

এদিকে, আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনায় গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। এসময় সংগ্রহ করা হয়েছে বিভিন্ন আলামত। সাক্ষ্য নেওয়া হয়েছে বেশ কয়েকজনের। তবে, তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং গাফিলতি সম্পর্কে সুস্পষ্ট কোনো মন্তব্য করেননি তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত রিপোর্টে সব বিষয় উল্লেখ করা হবে বলে জানান তারা।

অপরদিকে, ক্ষতিগ্রস্ত আইসিইউটিতে পিডব্লিউডি’র ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। সেটি মেরামতের জন্য আরো টেকনিশিয়ানরা পরিদর্শন করবেন। পাশাপাশি ১ সপ্তাহের মধ্যে ১০টি আইসিইউ বেড চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক ও তদন্ত কমিটির প্রধান নূর হাসান সাংবাদিকদের বলেন, তদন্তের কাজ চলছে। আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। এছাড়া বিভিন্ন লোকজনের স্বাক্ষ্য নিচ্ছি। আশা করছি খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগুন কিভাবে লেগেছে তা প্রাথমিক ভাবে ধারণা করে বলার মত কিছু নাই। হাসপাতালে অগ্নিনির্বাপণের নিরাপত্তা ব্যবস্থা ছিলো কিনা তাও তদন্ত করে দেখছি। এখনই ঢালাও ভাবে কিছু বলা যাবেনা। তদন্ত প্রতিবেদনে সব তুলে ধরা হবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, গতকাল সকালে ক্ষতিগ্রস্ত আইসিইউটি পিডব্লিউডির ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। এছাড়া সেটি মেরামতের জন্য আরো টেকনিশিয়ানরা পরিদর্শন করবেন। এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ঢাকা মেডিকেলে ২টি করোনা ইউনিট রয়েছে। একটি নতুন ভবন ও আরেকটি পুরাতন বার্ন ইউনিটে। পুরাতন বার্ন ইউনিটে ১০ বেডের একটি কোভিড আইসিইউ ছিলো। সেখানে পাশেই একটি পোস্ট অপারেটিভ ওয়ার্ড ছিলো। সেখানে দুটি বিভাগ মিলে এখন মোট ২০ বেডের আইসিইউ চালু করা হয়েছে। কোভিড রোগীদের চিকিত্সায় কোনো সমস্যা হচ্ছেনা। আমাগী এক সপ্তাহের মধ্যে আরো ১০ টি আইসিইউ বেড চালু করবো।