লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য দাখিলকৃত দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রার্থী শেখ ফয়জুল্লাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদ।
নির্বাচন কমিশন জানায়, গতকাল দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া একই দিন বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদও মনোনয়নপত্র জমা দেন বলে জানায় নির্বাচন কমিশন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।