জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিমান উড্ডয়ন, পরিচালনা ও ব্যবস্থাপনার ওপর এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সংস্থার ২১ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মালয়েশিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত বাংলাদেশের তরুণ এরোনটিক্যাল প্রকৌশলী তানজিয়া রশীদ এবং অস্ট্রেলিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত পাইলট সালেকীন তাজ এ প্রশিক্ষণ পরিচালনা করেন। অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিজ্ঞান জাদুঘরের অনন্য সম্পদ ১৯৫২ সালের বিমান দুটির ঐতিহাসিক গুরুত্ব আছে। এই বিমানগুলোর প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বাড়ছে, যা ভবিষ্যতে তরুণদের বিমান প্রকৌশলী ও বিজ্ঞানী হবার অনুপ্রেরণা জোগাবে। তবে যে কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে এর সম্পদ কত দক্ষতা ও সততার সঙ্গে ব্যবহূত হচ্ছে তার ওপর।
উল্লেখ্য, ১৯৫২ সালে কানাডায় নির্মিত পরিত্যক্ত দুটি বিভার বিমান সম্প্রতি সংস্কার ও আধুনিকীকরণ করে প্রদর্শনী উপযোগী করা হয়েছে। এগুলোর দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।