সরকারি প্রতিষ্ঠানে মশার বিস্তার হয় সবচেয়ে বেশি ----স্থপতি মোবাশ্বের হোসেন

মশার বিস্তারের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে বিখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, বহু বছর ধরে বলে আসছি, সরকারি প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি মশা জন্মে। বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছি, নগর ভবনে একবার মশা মারতে আমাদের নিয়ে অনুষ্ঠান করে মশা মারা হচ্ছিল, মেয়রকে নিয়ে আমি ছাদের ওপরে গিয়েছিলাম। সেখানে গিয়ে তাকে দেখালাম, দেখেন ছাদে কত লাখ মশা তৈরি হচ্ছে। অথচ ছাদ পরিষ্কার করার কাজে কোনো মানুষ নেই।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘নগরীতে মশা সমস্যা :কোন পথে সমাধান?’ শীর্ষক এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনার শুরুতে নগরীতে মশা নিধনে ব্যর্থতার মূল কারণসমূহ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করেন সেন্টার ফর গভর্ন্যান্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী।

ঢাকার দুই সিটির মেয়রকে বহুবার বলেও কোনো ফল পাননি দাবি করে স্থপতি মোবাশ্বের হোসেন আরো বলেন, ‘আপনারা সাধারণ মানুষের বাড়ির সামনে, বাড়ির ভেতর গিয়ে তুলকালাম করছেন, কোনো অসুবিধে নেই। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যে মশা সবচেয়ে বেশি প্রজনন হয়, সেটার প্রমাণ পাওয়া গেল। তাদের বিরুদ্ধে কেস ফাইল করতে হবে। যে প্রতিষ্ঠানই হোক, সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও জেলে পাঠাতে হবে।’