বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ১৯৭৩ সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল কম্বোডিয়ার প্রয়াত রাজা সিহানুক ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্সবে দেওয়া এক ভিডিও বার্তায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এ কথা স্মরণ করেন। করোনা মহামারির কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত না হতে পারা হুন সেন বলেন, দুই মহান নেতা আলজেরিয়ায় নন-এলাইনমেন্ট মুভমেন্টের (ন্যাম) শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং ঐ সময় থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক হয়।
তবে তিনি জানান, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৯৩ সালে। গত তিন দশকে দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে এবং উভয় দেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ব্যবস্থায় একে-অপরকে সহযোগিতা করে আসছে।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের কারণে অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশের জনগণকে আমি অভিনন্দন জানাই। আমি ২০১৪-এর জুনে বাংলাদেশ সফর করি এবং ২০১৭-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় ফিরতি সফর করেন। ঐ সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে অনেক চুক্তি সই হয়। আমরা সম্মত হয়েছিলাম যে—দুই দেশের জাতির পিতার নামে দুটি রাস্তার নামকরণ করা হবে।