বঙ্গবন্ধু সমতা মর্যাদা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রাম করেছেন ---------------অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এক জন মহান নেতা যিনি অদম্য সাহসিকতার সঙ্গে সর্বদা বাংলাদেশের জনগণের জন্য সমতা, মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আমরণ সংগ্রাম করে গেছেন। নিরন্তর দেশপ্রেম দিয়ে তিনি সোনার বাংলা গড়তে চেয়েছেন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত একটি দেশকে সাড়ে তিন বছর সময়ে প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যুত্, কৃষি ও সমবায়, শিল্প ও বিজ্ঞান, গৃহনির্মাণ, অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা জাতীয়করণ, শিক্ষা ও সংস্কৃতি, প্রযুক্তি, ভূমি ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যাকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করার পরিকল্পনাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করেছিলেন। তিনি স্বাস্থ্যব্যবস্থা ও চিকিত্সাবিজ্ঞানের সবক্ষেত্রে একটি শক্ত নীতিমালা, পরিকল্পনা, অবকাঠামো রেখে গেছেন। অসংখ্য নীতি, পরিকল্পনা ও আইনের উদ্যোক্তা তিনি। তার দিকনির্দেশনা অনুযায়ী তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে অবিরাম কাজ করে চলেছেন। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯-এর মধ্যেও আমাদের এ অর্জন, সক্ষমতা ও অগ্রগতি সম্পর্কে সারা বিশ্বের মানুষ, আন্তর্জাতিক সংস্থা, স্বনামধন্য অর্থনীতিবিদগণ ভূয়সী প্রশংসা করেছেন। সবাই বলেছেন, এ এক অন্যরকম বাংলাদেশ, এ এক বদলে যাওয়া বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এছাড়াও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশ নেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভের প্রক্রিয়া ও গুরুত্বের বিষয়গুলো তুলে ধরেন।