বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ রাশিয়া, রাষ্ট্রদূতকে প্রত্যাহার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মূল্য দিতে হবে’, প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারির পর ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে মস্কো। গত বুধবার এবিসি নিউজকে দেওয়া বাইডেনের ঐ সাক্ষাত্কার প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে আলোচনায় মস্কো নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল।

এর আগে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথা উঠে আসে। পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। যদিও রাশিয়া বরাবরের মতো এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে আলোচনায় রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে ডেকে পাঠানো হয়েছে। দুই দেশের সম্পর্কের যেন ‘অপূরণীয় ক্ষতি’ না হয় তা নিশ্চিত করতেই তাকে ডাকা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আমাদের কাছে প্রধান বিষয় হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন যেভাবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কানাগলিতে নিয়ে গেছে সেটিকে সংশোধন করা যায় কি না, তার পথ নির্ধারণ করা। মার্কিনরা যদি বিদ্যমান ঝুঁকি শনাক্ত করতে পারে, তাহলে আমরা এর অপরিবর্তনীয় অবনতি রোধে আগ্রহী।’ পুতিনকে নিয়ে করা মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছে রাশিয়া।

সেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। তখন থেকে বলা হচ্ছে, ট্রাম্পকে জেতাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। যদিও ট্রাম্প এবং রাশিয়া উভয়ই বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।