পশ্চিমবঙ্গ বিধানসভার দখল পেতে জোর টক্কর চলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস নেতারা স্লোগান তুলেছেন খেলা হবে। এরই পাল্টা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় নির্বাচনী জনসভায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘খেলা নয়, বিকাশ হবে, উন্নয়ন হবে। এবার খেলা শেষ হবে।’ মেদিনীপুরের গোয়ালতোড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাবে বলেছেন, ‘আমি জনগণের পাহারাদার। আমি থাকতে এনআরসি , এনপিআর এর নামে বাংলার একটা পরিবারকেও হঠাতে দেব না।’
পুরুলিয়ার জনসভায নরেন্দ্র মোদি বলেন, ‘বিজেপি বলে শিক্ষা হবে। মহিলাদের উত্থান হবে। যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে। আর দিদি ১০ বছর বাংলার ভাইবোনেদের চিন্তা নিয়ে খেলা খেলেছেন। এ বার তার অবসান হবে পশ্চিমবঙ্গে। এ বার খেলা শেষ হবে!’ বলেন, ‘নিজেদের স্বার্থে পশ্চিমবঙ্গে মাওবাদী হিংসায় মদদ দিয়েছে তৃণমূল। দিদির সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ বার ভয় নয়। শুধু জয়।’
অন্য দিকে মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি যদি গুন্ডামি করে তবে মা, বোনেরা হাতা, খুন্তি নিয়েই লড়াই করবেন। খেলা হবে। আমি আপনাদের পাহারাদার। আমি যখন লড়াই করি, বাঘের বাচ্চার মতো লড়াই করি। যদি মাথা নত করতে হয় তবে মানুষের কাছে করব বিজেপির কাছে নয়।’ তৃণমূল বদলা নয় শান্তি চায়। রক্ত চায় না শান্তি চায়। বিজেপি ভোটের আগে গ্যাস বেলুন আর ভোটের সময় ক্যাশ বেলুন। নির্বাচন আসলেই বিজেপি টাকা নিয়ে বেড়িয়ে পড়ে। দেদার টাকা বিলোচ্ছে। কার টাকা? ১০০টি ফ্লাইট ভাড়া নিয়ে বাইরের নেতাদের আনা হচ্ছে।’