মওদুদ আহমদের দাফন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে মওদুদ আহমদের মরদেহ গুলশান ৮৪ নম্বর সড়কে বাসভবনে নেওয়া হয়। পরে সেখান থেকে মরদেহ একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। তার পর মরদেহ নেওয়া হবে মওদুদ আহমদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে।

নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে বেলা আড়াইটায় তৃতীয় জানাজা এবং বিকাল ৪টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৫টায় মানিকপুরে নিজ বাসভবনের সামনে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিএনপি ও পরিবারের পক্ষ থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার অনুমতি চাইলেও করোনার কারণে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

ইত্তেফাক/এমআর