প্রকাশ পেল বঙ্গবন্ধুকে নিয়ে গান ‘জয় বাংলার প্রেম’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে জাতির পিতাকে উত্সর্গ করে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘জয় বাংলার প্রেম’ শিরোনামে একটি রকধারার গান। ‘বিজয় দেখার আগেই/ শিখিয়েছো তুমি/ স্বাধীনতা কারে বলে।’—এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন মহসীন মেহেদী, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী (ভাইকিংস) এবং কণ্ঠ দিয়েছেন ঐশী ও শুভ। গীতিকার মহসীন মেহেদী বলেন, ‘বাংলার অবিসংবাদিত নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এই গানটি করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত ও আনন্দিত!’ কণ্ঠশিল্পী ঐশী তার প্রথাগত গায়কীর বাইরে অনেকটাই আলাদা ধাঁচে গেয়েছেন এ গানটি। ঐশী বলেন, ‘গানটি গাওয়া আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমি তা উপভোগ করেছি পুরো রেকর্ডিং সেশনে। অনেক পরিশ্রম করে গানটি করেছি। আশা করছি সকলের ভালো লাগবে।’

শুভ বলেন, ‘যখনই গানটি গাওয়ার প্রস্তাব পাই, দ্বিতীয় কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। এর প্রধান কারণ, আমাদের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুুকে নিয়ে এমন শক্তিশালী লিরিক আর সেতু ভাইয়ের চমত্কার সংগীতায়োজন কিছুতেই মিস করতে চাইনি।’

উল্লেখ্য, গত ১৭ মার্চ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।