দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন
পঞ্চগড় প্রতিনিধি ও দেবীগঞ্জ সংবাদদাতা
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ৬৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে বিএনপি অংশ নিতে না চাইলেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে উপজেলা ও পৌর বিএনপির দুই নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে মেয়র পদে আওয়ামী লীগের দলীয়প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন চৌধুরীর বিপরীতে বিদ্রোহী হিসেবে পাঁচ নেতা ও সমর্থক মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাখখারুল আলম বাবু ও পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। এখানে তার প্রার্থীতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন ও আওয়ামী লীগ সমর্থক মাসুদ পারভেজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া মেয়র পদে দৈনিক যুগান্তরের সহসম্পাদক জাকারিয়া ইবনে ইউসুফও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন আমি আশা করি তারা দলীয় মতের বিপক্ষে যাবেন না এবং প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।’
রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. এরশাদুল হক মিয়া জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান জানান, দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ২০১৪ সালে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা। সীমানা জটিলতায় দীর্ঘদিন নির্বাচন ঝুলে ছিল। এবার প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার ৯টি কেন্দ্রের প্রত্যেকটিতেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।