পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় চিংড়ি ঘেরের লবণ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০/৭০ একর জমির ইরি-বোরো ধান। প্রশাসনের নির্দেশনা অমান্য করে উপজেলার কপিলমুনির শেখেরডাঙ্গা মৌজায় চিংড়িচাষি নিজ ঘেরে লবণ পানি উঠালে তা ছড়িয়ে পড়ে পাশের ঐ বোরো খেতের ক্ষতি হয়। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার কপিলমুনি ইউনিয়নের শেখেরডাঙ্গা মৌজায় রামনগর গ্রামের আ. মান্নান, হাসান, সিরাজুল, আজহারুল, হায়দার, নুর মোহাম্মদ, কামরুল, হান্নানসহ স্থানীয় অর্ধশতাধিক কৃষক জানান, চিংড়ি ঘেরের লবণ পানিতে নষ্ট হয়ে যাচ্ছে খেতের ফসল। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম মোড়ল জানান, বিষয়টি তিনি শুনেছেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।