গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে গঙ্গাচড়ায় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ঐ এলাকার নছির উদ্দিনের ছেলে মানিকের ছাগল একই এলাকার আলতাফের ধান খায় এবং ছাগল খোয়াড়ে দেয়। এ নিয়ে রাতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জেরে শুক্রবার সকালে দুইপক্ষ ফের মারামারিতে লিপ্ত হয়। এতে পাঁচ জন আহত হয়। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাইফুল ও আজাদ নামের দুই জনকে আটক করে। গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুস সালাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।