দেওয়াল টপকে সিংহের খাঁচায়! অতঃপর...

দেওয়াল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়ায় সিংহের রোষানলে পড়ে এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। —আনন্দবাজার পত্রিকা

শুক্রবার কলকাতা চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম গৌতম গুছাইত। পূর্ব মেদিনীপুরের ঐ ব্যক্তির শরীরে একাধিক আঁচড়ের চিহ্ন রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঐদিন সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়ে। তাকে একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে সে ঘুরে বেড়ায়। শেষে দেওয়াল টপকে একটি সিংহের খাঁচায় ঢুকে পড়লে সিংহটি তাকে ঘাড় ধরে পাশে নিয়ে যায়। পরে দ্রুত চিড়িয়াখানার কর্মীরা এসে তাকে উদ্ধার করে। কলকাতার এসএসকেএম হাসপাতালে সে বর্তমানে চিকিত্সাধীন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো জানায়, কোনো কিছু বুঝার আগেই সিংহটি ঐ ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। প্রাথমিকভাবে ঐ ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় ফের চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও এখানে সিংহের খাঁচায় এক ব্যক্তি ঢুকে পড়লে তার মৃত্যু হয়।