আভিজাত্য প্রদর্শনে বিয়ের অনুষ্ঠানে হেলিকপ্টারের ব্যবহার পুরোনো হলেও এবার অতিথিদের জন্য আকাশ থেকে ওড়ানো হয়েছে রুপি। সম্প্রতি পাকিস্তানের একটি বিয়েতে প্রায় ২০ লাখ রুপি ওড়ানো হয়েছে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। পাঞ্জাবের ঐ বিয়ের অনুষ্ঠানটি কেবল শহরেই আলোচনার ঝড় বয়নি, মূলধারার সংবাদমাধ্যমও বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। পাঞ্জাবের রানা পরিবারের চার ভাই দুই দশক ধরে ইতালিতে থাকেন। সেখানে ব্যবসা রয়েছে তাদের। আর ছোট ভাই রানা ইবরার হোসেন পাকিস্তানের বাড়ি ও পারিবারিক সম্পত্তি দেখাশোনা করে থাকেন। গত সপ্তাহে সেই ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে পাকিস্তানে ফেরে রানার ভাইয়েরা। বিয়ে স্মরণীয় করে রাখতে ১৮ লাখ পাকিস্তানি রুপিতে হেলিকপ্টার ভাড়া করা হয়। আর তাতে করে ওপর থেকে গোলাপের পাপড়ির পাশাপাশি ডলার এবং ইউরো ছড়াতে ছড়াতে অনুষ্ঠানস্থলে হাজির হয় বর।