স্পোর্টস রিপোর্টার
মানসম্পন্ন লেগ স্পিনার গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিল বিসিবি। কিন্তু ঐ বছর এনসিএলের প্রথম দুই রাউন্ডে দলে থাকলেও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, রিশাদ হোসেনকে খেলায়নি ঢাকা ও রংপুর বিভাগ। বিসিবির নির্দেশনা অমান্য করায় শাস্তিমূলক ব্যবস্থা স্বরূপ তাত্ক্ষণাত্ ঢাকার কোচ জাহাঙ্গীর আলম ও রংপুরের কোচ মাসুদ পারভেজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি। পরে ঐ আসরে আর কোচিংয়ে ফেরানো হয়নি তাদের।
সবকিছু ঠিক থাকলে ২২ মার্চ শুরু হবে এনসিএলের ২২তম আসর। যেখানে আট দলের কোচিং প্যানেলের তালিকায় আছে জাহাঙ্গীর আলমের নাম। ঢাকা মেট্রো দলে অভিজ্ঞ কোচ ওয়াহিদুল হক গনির সহকারী হিসেবে কাজ করবেন তিনি। জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে আবারও এনসিএলে কোচ হিসেবে কাজের অনুমতি দিয়েছে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘লেগ স্পিনার গড়ে তোলার জন্য সেটা বোর্ডের একটা কৌশলগত সিদ্ধান্ত ছিল। না খেলানোর কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমাদের কাছেও তা সন্তোষজনক মনে হয়েছে।’ গতকাল জাহাঙ্গীর আলমও জানালেন, কাজ করার অনুমতি পেয়েছেন। ঢাকা মেট্রো দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। এদিকে মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে কয়েক দিনের ক্যাম্প শেষে বরিশাল যাচ্ছে ঢাকা মেট্রো দল। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। এনসিএলের কোচদের তালিকায় দেখা যায়, রংপুর বিভাগের হেড কোচ সাইফুল ইসলাম, সহকারী তৌহিদ শ্যামল। খুলনা বিভাগে সহকারী কোচ হিসেবে আছেন সৈয়দ রাসেল। বরিশাল বিভাগে সহকারী কোচ সাগীর হোসেন পাভেল। সাকিবের বন্ধু, ব্যাবসায়িক পার্টনার খ্যাত পাভেল ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।