স্পোর্টস ডেস্ক
উয়েফার ইউরোপা লিগের শেষ ষোলোয় ক্রোয়েশিয়ান দল ডায়নামো জাগরেবের কাছে হেরে বাদ পড়ার পর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন টটেনহাম হটস্পার ম্যানেজার জোসে মরিনহো। এমন পরাজয়কে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন স্পার্স অধিনায়ক হুগো লরিস।
প্রথম লেগে ২-০ গোলে জিতার পর গত বৃহস্পতিবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে জাগরেবের কাছে ০-৩ গোলে হেরে বাদ পড়েছে স্পার্স। এমন পরাজয়ের পর প্রেস কনফারেন্সে ক্ষোভ ও শোক মিশ্রিত দীর্ঘ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মরিনহো। ম্যাচের বর্ণনা দিতে গিয়ে এই পর্তুগিজ ম্যানেজার বলেছেন, ‘মাঠে তারা (জাগরেব) ঘাম, শক্তি, রক্ত ঝড়িয়ে খেলেছে। ম্যাচশেষে খুশির অশ্রুও ঝড়েছে তাদের চোখ থেকে। তারা নম্র ব্যবহার করেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে খেলেছে। ওদের প্রশংসা করতেই হবে আমার। অপরদিকে খেলেছে আমার দল, হ্যাঁ, আমার দলই, যাদের দেখে মনে হয়নি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে তারা। তাদের কারোর জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু এই ম্যাচ আমার জন্য গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের মাঠের আচরণে বিরক্ত মরিনহো তার নিজের খেলোয়াড়দের তুলোধুলো করে সমর্থকদের কাছেও ক্ষমা চাইলেন, ‘আমি এখন শুধু টটেনহাম সমর্থকদের কাছে ক্ষমাই চাইতে পারি। আশা করি, আমি যেমন অনুভব করছি, তারাও তেমনই অনুভব করছে। বাঁচা-মরার ম্যাচ ছিল আজকে। এবং আমরা মরেছি।’