চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহরে মাদকাসক্ত ছেলের হাতেই খুন হয়েছেন যমুনা রানী সরকার (৫৫)। শুক্রবার বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে নিহতের ছেলে স্বপন কুমার সরকার (২৫)। মাদকাসক্ত স্বপন মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে নানাভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে টাকা না পেয়ে মাকে শ্বাসরোধ করে খুন করে।
গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগান থেকে বিধবা যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত যমুনা রানী সরকার পৌর শহরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের যমজ দুই ছেলে স্বপন সরকার ও রতন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিহতের মেয়ে সরস্বতী রানী কুন্ডু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার পুলিশী জিজ্ঞাসাবাদে স্বপন স্বীকার করে সে তার মাকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ির পাশের বাগানে গিয়ে ঝুলিয়ে রাখার অপচেষ্টা করে। কিন্তু সেটা না করে গাছের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে রেখে চলে আসে। সকালে প্রতিবেশীরা যমুনা রানীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে স্বপন সরকার তার মাকে হত্যার কথা স্বীকার করে। পরে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অপর ছেলে রতনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, যমুনা রানী সরকার নামের ঐ নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় ডাকঘরে তার বেশ কিছু টাকা গচ্ছিত রয়েছে। তাছাড়া তার ছেলে স্বপন মাঝে মধ্যে মারধর করত। স্বপন চিহ্নিত মাদকসেবী। ইতিপূর্বে মাদক মামলায় জেল খেটেছে।