সাম্প্রদায়িক বর্বরতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের হামলার প্রতিবাদ ও সাম্প্রদায়িক বর্বরতার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউ যুবলীগের কার্যালয়ের সামনে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।  

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না। বিএনপি-জামায়াত অশুভশক্তি দেশের উন্নয়ন অর্জন নষ্ট করতেই আবার ষড়যন্ত্র শুরু করেছে। বিশাল মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।