ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গৃহকর্মীদের সুরক্ষা দিতে তাদের জন্য আইন প্রণয়ন করতে হবে। নিদেনপক্ষে তাদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করতে হবে। ২০১৫ সালে গৃহকর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন করা হলেও সেটির কার্যকারিতা নেই। এ কারণে করোনাকালে তারা সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হলেও সামান্য ত্রাণও মেলেনি। মেস-বাড়ি বন্ধ হয়ে যাওয়ায় করোনার কারণে বাড়ির কাজ চলে যাওয়ায় অধিকাংশ গৃহকর্মীকে গ্রামে চলে যেতে হয়েছে। এখন তারা কিছু কাজে ফিরেছেন। কিন্তু বেতন কমে গেছে এক-তৃতীয়াংশ। তিনি গতকাল রাজধানীতে জাতীয় গার্হস্থ্য শ্রমিক ইউনিয়নের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে একথা বলেন। সংগঠনের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, গৃহশ্রমিকদের সুরক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। শ্রম আইন সংশোধনীর কাজ চলছে। সংশোধনী কমিটি সুপারিশ করলে সরকার গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রমিকনেতা আবুল হোসাইন ও কৃষকনেতা মোস্তফা আলমগীর রতন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক গৃহশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এলিজাবেথ ট্যাং।