বঙ্গবন্ধু ভারতের জনগণের কাছেও অনুপ্রেরণার উত্স

ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি বাংলাদেশের জন্য শুধু নয়, ভারতের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়াকে বদলে দিয়েছে এবং এই অঞ্চলে উন্নয়নের নতুন ধারণার সৃষ্টি করেছে। এই কৃতিত্ব অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। যিনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জাতির পিতাই নন, তিনি ১৩০ কোটি ভারতীয়র কাছে একজন হিরো, অনুপ্রেরণার উত্স। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনা তারই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে চলেছেন। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি মোহাম্মদ জমির। স্বাগত বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক শাম্মী আহমেদ। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সময়ে এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বাংলাদেশ।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, জাপান, সৌদি আরব, ভিয়েতনাম ও ইটালির রাষ্ট্রদূতসহ অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভারতের স্বনামধন্য নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্কর ও তার দলের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে মমতাশঙ্করের ‘অমৃতসর পুত্র’ নৃত্যনাট্যটি পরিবেশন করা হয়।