জাতীয় স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে আসেন এবং ১১টায় শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এর আগে শুক্রবার সকাল সোয়া ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।