রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। বাইডেন সরকারের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ভারত সফরের আগে তার কাছে এমন নির্দেশ গেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই চুক্তির বিরোধী, প্রতিরক্ষামন্ত্রী লয়েডকে তা ভারত সরকারের কাছে স্পষ্ট করার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। গতকালই ভারতে পৌঁছানোর কথা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে চুক্তির ফল যে ভারতের জন্য গুরুতর হতে পারে, তেমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেন্ডেজ। লয়েডের কাছে একটি চিঠিতে তিনি জানিয়েছেন যে, নিষেধাজ্ঞার বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের কর্মকর্তাদের অবহিত করতে হবে।
চীনের সঙ্গে ‘পাল্লা’ দিতে ভারতীয় বিমান ও নৌ বাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনতে চায় ভারত সরকার। তবে যুক্তরাষ্ট্র যে এই চুক্তির বিরোধিতা করছে, তা স্পষ্ট করার দায়িত্ব লয়েডকে দেওয়া হয়েছে।
তার এই সফরে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে মূলত আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা নিয়েই আলোচনা হওয়ার কথা। তবে সংশ্লিষ্ট মহলের মতে, আলোচনায় উঠে আসতে পারে রাশিয়ার কাছ থেকে ভারতের প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনাটিও। রাশিয়ার থেকে এই প্রতিরক্ষাব্যবস্থা কেনার জন্য ইতিমধ্যেই তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভারতের ক্ষেত্রেও এমনটা হতে পারে সেটাই জানাতে চাইছে বাইডেন প্রশাসন। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিএএটিএসএ (কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংকসনস অ্যাক্ট) আইনের ২৩১ ধারা বলে ভারতের ওপর ঐ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।