প্রায় দেড়যুগ পর ফিরছে ব্যান্ড রেনেসাঁ

g বিনোদন রিপোর্ট

 

প্রায় দেড়যুগের বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের কাছে আসছে জনপ্রিয় ব্যান্ডদল রেনেসাঁ। তাদের ‘একুশ শতকে রেনেসাঁ’ নামের অ্যালবামটি প্রকাশিত হয় ২০০৪ সালে। এরপর ২০১৮ সালে তাদের নতুন অ্যালবাম বাজারে আসার কথা থাকলেও নানা জটিলতায় সেটা আর প্রকাশিত হয়নি। অবশেষে ‘আকাশ আমার জোছনা আমার’ নামের একটি গান দিয়ে ফিরছে এই ব্যান্ডদলটি।

জানা গেছে, নতুন এই গানটি লিখেছেন জুলফিকার রাসেল এবং সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন পিলু খান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিরতি দিয়ে গান প্রকাশ প্রসঙ্গে নকীব খান বলেন, ‘আমাদের চাকরি এবং অন্য পেশায় ব্যস্ততা থাকার কারণে সময় মেলাতে পানিনি। এছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের মানের ব্যাপারে খুবই সচেতন। একটি গান আমাদের মনের মতো না হলে সেই গান আমরা কখনোই প্রকাশ করি না। বলতে পারেন, গানের গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই আপোস করতে রাজি নই। এ কারণে প্রায় ১৭ বছর পর আসছে আমাদের নতুন গান।’  উল্লেখ্য, যাত্রা শুরুর পর ব্যান্ডটি কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে মন জয় করে শ্রোতাদের। বর্তমানে ব্যান্ডটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক। ২৬ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও।