‘নতুন দিশাকে দেখে চমকে যাবেন’

 বিনোদন ডেস্ক

 

২০১৪ সালে মুক্তি পাওয়া মোহিত সুরির ‘এক ভিলেন’ সিনেমাটির ব্যাপক সফলতার জেরে এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘এক ভিলেন রিটার্নস’। একই পরিচালকের এই সিনেমাটির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন দিশা পাটানি। সিনেপ্রেমীরাও অপেক্ষায় রয়েছেন কবে আসছে তাদের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। তাই সিনেমাটির কোনো খবর মানেই বাড়তি উচ্ছ্বাস তৈরি করে দর্শকদের মাঝে। এবার সিনেমাটির তেমনই একটি খবর শেয়ার করে প্রশংসার জোয়ারে ভাসছেন দিশা। সম্প্রতি ‘এক  ভিলেন রিটানর্স’ সিনেমার শুটিংসেট থেকে তোলা বেশকিছু ছবি দিশা তার ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শট নং টু, টেক  ওয়ান!। আর এতেই ভক্তদের আগ্রহের পাল্লায় জোর হাওয়া লাগে। ছবিতে দিশার নতুন লুক মুহূর্তেই সারা ফেলে নেটদুনিয়ায়। দিশা বলেন, ‘আমি খুব অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেয়েছি। তাই চেষ্টা করছি আপনাদের মতো করেই নিজেকে বদলানোর। অনেক পরিশ্রম আর ভালোবেসে কাজটি করছি। আশা করছি নতুন দিশাকে দেখে চমকে যাবেন।’ সিনেমাটি আগামী বছরের ১১ ফেব্রুয়ারি মুক্তির কথা রয়েছে। এছাড়া আসছে ঈদে সালমান খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেতে দেখা যাবে দিশাকে।