নেপালে ম্যাচ টিকিট দেড় হাজার রুপি

স্পোর্টস রিপোর্টার

নেপালে তিন জাতির টুর্নামেন্টের টিকিটের মূল্য ঘোষণা করা হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে নেপালি ১ হাজার ৫০০ রুপি। সবচেয়ে কম দাম ধরা হয়েছে ৭০০ রুপি। টুর্নামেন্ট হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের গ্যালারির ধারণ ক্ষমতা ১ হাজার ৫০০, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বলছে—তারা ১২ হাজার টিকিট ছাড়বে। খেলা হবে সন্ধ্যায়।

তিন জাতির টুর্নামেন্টে নেপাল ও বাংলাদেশ ছাড়াও কিরগিজস্তানের অলিম্পিক ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচ ২৩ মার্চ, খেলবে বাংলাদেশ ও কিরগিজস্তানের দল।

বাংলাদেশ ফুটবল দল আজই প্রথম দশরথ স্টেডিয়ামে অনুশীলন করবে। সকাল ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। বিকালে জিম করবে। গতকাল জিম করেছে, অনুশীলনও করেছে। খেলোয়াড়রা খুব ব্যস্ত সময় পার করছে সেখানে। টুর্নামেন্ট জয় করতে মরিয়া। কিরগিজস্তানের অলিম্পিক দলের বিপক্ষে প্রথম খেলা হলেও নেপালের ফুটবল দর্শক মুখিয়ে আছে তাদের মাঠে আবার একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখার জন্য। বাংলাদেশের বিপক্ষে নেপালের খেলা ২৭ মার্চ। সেই ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে—একথা সহজেই বলা যায়। কারণ নেপালের মাঠে বাংলাদেশ-নেপাল লড়াই উত্তেজনার বারুদ ছড়ায়।