মোংলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা

গ্রেফতার ১

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে নয়ন মন্ডল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, প্রতিবন্ধী তরুণীকে গত ১৪ ফেব্রুয়ারি মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল। ঘটনার এক মাস পর গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুণীর বাবা। পরে অভিযান চালিয়ে গভীর রাতে নয়নকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।