৮০০ বছর পর জেগে উঠল আইসল্যান্ডের আগ্নেয়গিরি

৫০০ থেকে ৭০০ মিটার দীর্ঘ ফাটলের সৃষ্টি

বিবিসি

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে ফাগরাডালসফল আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। প্রায় ৮০০ বছর পর সেখানে অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটেছে। এতে করে ৫০০ থেকে ৭০০ মিটার দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটের দিকে ফাগরাডালসফলে অগ্ন্যুত্পাত শুরু হয়। পরবর্তীকালে ওয়েবক্যাম ও স্যাটেলাইটের ছবির মাধ্যমে অগ্ন্যুত্পাতের বিষয়টি নিশ্চিত করা হয়। রিকজাভিক থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে অগ্ন্যুত্পাতের এলাকায় কোস্টগার্ডের হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে যে ছবি সংগ্রহ করা হয় তাতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয়ে নিচে গড়িয়ে পড়ছে। অগ্ন্যুত্পাতের এলাকা থেকে আট কিলোমিটার দূরে বসবাসকারী র্যানভিগ গুডমুন্ডসডোটির বলেন, ‘আমি আমার জানালা থেকে লাল আভাময় আকাশ দেখতে পাই। সবাই গাড়ি চালিয়ে সেখানে যাচ্ছে।’ অগ্ন্যুত্পাতে খুব বেশি ছাই বা ধোঁয়া বের হবে না বলে ধারণা করা হচ্ছে। তাই আশা করা হচ্ছে, এর ফলে বিমান চলাচল বাধাগ্রস্ত হবে না। ২০১০ সালে ইজাফল্লাজোকাল আগ্নেয়গিরিতে অগ্ন্যুত্পাতের কারণে সমগ্র ইউরোপে বিমান চলাচল স্থগিত করতে হয়েছিল।

আইসল্যান্ডে গত তিন সপ্তাহে ৪০ হাজারেরও বেশি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। অগ্ন্যুত্পাত শুরুর আগে ফাগরাডালসফলের ১ দশমিক ২ কিলোমিটার দূর থেকে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। আইসল্যান্ডে দুটি টেকটোনিক প্লেট বিপরীত দিকে চলার কারণে সেখানে প্রতিনিয়তই ভূমিকম্প অনুভূত হয়।