গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের ৫০তম বার্ষিকী উদ্যাপন

গাজীপুর প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের ৫০তম বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহিদ হুরমত স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১৯ মার্চ শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও গণসংগীতের আয়োজন করা হয়। সকালে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত প্রেরণা-১৯ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। পরে জেলা প্রশাসনের ভাওয়াল সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভিন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। বিকালে চান্দনা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ১৯ মার্চ উদ্যাপন কমিটির আলোচনাসভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।