স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে তিস্তা ও অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ এর নেতারা। শনিবার দুপুরে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, তিস্তাসহ দেশের অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সরকারের আলোচনা করতে হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উত্সবের পূর্বেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সব ধরনের তত্পরতা অব্যাহত রাখতে হবে। সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্র নেতা পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সোবহান, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়, নিপীড়নবিরোধী নারী মঞ্চের সদস্য সুলতানা আক্তার, শ্রমিক নেতা সালাউদ্দিন আহম্মেদ বাবু, সংস্কৃতি কর্মী নাসির সুমন।