উড়োজাহাজে উঠতে গিয়ে তিন তিনবার হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের অদূরে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ এন্ড্রুজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি আকাশযান এয়ারফোর্স ওয়ানে প্রবেশের সময় এই ঘটনা ঘটে। তবে হোয়াইট হাউজ পরে জানিয়েছে, ঘটনার সময় প্রচণ্ড বাতাস ছিল। তাই প্রেসিডেন্ট নিজেকে সামলাতে কিছুটা বেগ পাচ্ছিলেন। হোঁচটে তার কোনো ক্ষতি হয়নি। তিনি ‘শতভাগ’ সুস্থ আছেন।
জানা গেছে, এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে সভায় যোগ দিতে জো বাইডেন আটলান্টায় যাচ্ছিলেন। বাইডেনকে তার সহকারী প্লেনের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন। দূর থেকে সাংবাদিকদের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, কয়েকটি সিঁড়ি ওঠার পর শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে লাল গালিচার সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। অবশ্য হোঁচট খাওয়ার পরপরই উঠে দাঁড়িয়ে হাত দিয়ে বাঁ-হাঁটু একটুখানি ঘষে ওপরে উঠেন এবং ফিরে দাঁড়িয়ে স্যালুট জানান। বাইডেনের হোঁচট খাওয়ার এই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। হোয়াইট হাউস জানিয়েছে, গুরুতর কোনো কিছু ছিল না এটি। বাইডেনের আঘাত গুরুতর কিছু নয়। এর আগে গত নভেম্বরে বাইডেনের বাঁ-পা মচকে গিয়েছিল। সে সময় বাইডেন বলেছিলেন, তাঁর পোষা কুকুরকে নিয়ে দৌড়ানোর সময় তিনি পায়ে চোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হোঁচট বা আছাড় খাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জুনে এয়ারফোর্স টু উড়োজাহাজে ওঠার সময় পড়ে গিয়েছিলেন তত্কালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এরও আগে ২০১৫ সালে তত্কালীন প্রেসিডেন্ট বারাক ওবামাও হোঁচট খেয়েছিলেন। তবে তিনি নিজেকে সামলে নেন। এর আগে ১৯৭৫ সালে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছিলেন।