রূপগঞ্জে র্যাব পরিচয়ে ইউপি চেয়ারম্যানের ৭০ লাখ টাকা ছিনতাই

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায় এক চেয়ারম্যানের থেকে ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ভুক্তভোগীর নাম গাজীউর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত শুক্রবার সন্ধ্যায় চার/পাঁচ জন ছিনতাইকারী র্যাব পরিচয়ে অস্ত্রের মুখে গাজীউর রহমানের টাকা লুট করে।

পুলিশ জানায়, ঢাকার বেইলী রোড থেকে মাইক্রোবাসে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা অন্য সাদা রঙের মাইক্রোবাসে এসে তাদের বহনকারী মাইক্রোবাস গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে ইয়াবার চালান আছে অভিযোগ এনে ছিনতাইকারীরা তল্লাশি চালায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ইউপি চেয়ারম্যান, তার ভাগিনা মতিউর রহমান, কর্মচারী কাউছার ও গাড়িচালক নওশাদের হাত-পা বেঁধে টাকা লুটে নেয়। পরে মাইক্রোবাসে করে ছিনতাইকারীরা ঢাকার দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।