বরিশালে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার স্ত্রীসহ ছয় জন আটক

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নথুল্লাবাদ এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল শনিবার দুপুরে আল আমিন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ যুবকের গলায় দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের স্ত্রীসহ ছয় জনকে বরিশাল এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, তার এই মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আল আমিন রাজধানীর বাংলা মোটর এলাকায় ট্রান্সমিটার কোম্পানি প্রিন্স করপোরেশনের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আল আমিনের বাবা মোস্তফা হাওলাদার বলেন, মাসখানেক আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে আল আমিন ও নগরীর নিউ সার্কুলার রোড এলাকার হার্ট ফাউন্ডেশন গলির বাসিন্দা কবির হোসেনের মেয়ে ইসরাত জাহান মীম। তবে এই বিয়ে মেনে নেয়নি মেয়ের পরিবার। ঢাকা থেকে এসে শুক্রবার এই হোটেলে ওঠে আল আমিন ও তার স্ত্রী। তিনি অভিযোগ করেন ঢাকা থেকে আল আমিনকে ডেকে এনে এই হোটেলে বসে ঐ মেয়ের সহযোগিতায় এলাকার কিছু লোকজন এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।