শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
শেরপুর (বগুড়া) : শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন যাত্রী আহত হন। গত শুক্রবার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানের ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৃষ্টি বাসের চালক রংপুর জেলার মিঠাপুকুর থানার কারফিখার এলাকার রওশন হাবিব (৩৫), নীলফামারীর ডিমলা থানার খোকার খড়িবাড়ীর রেজাউল করিম সাগর (২৩), একই এলাকার মোস্তফা (১৮) ও পশ্চিম শাওতা এলাকার বাবলু (৫০)।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিজয়নগরে ট্রাকের চাপায় বৈশাখী বিশ্বাস (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। সে বুধন্তী গ্রামের লিটন চন্দ্র বিশ্বাসের মেয়ে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী : ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী মো. সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার বালিয়া শ্যামপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাগরের বড় ভাই মো. শুভ গুরুতর আহত হয়েছেন। তারা পবার হরিপুর কলোনির মো. রেন্টুর পুত্র।
সাতকানিয়া (চট্টগ্রাম) : মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল উপজেলার ঠাকুরদীঘি এসআই পার্ক কমিউনিটি সেন্টার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার শুকছড়ি এলাকার ওবাইদুল হক (৩০) ও একই উপজেলার জঙ্গল পদুয়া এলাকার মোহাম্মদ নোমান (২২)। নিহতরা সম্পর্কে দুলাইভাই-শ্যালক।
আদমদীঘি (বগুড়া) : আদমদীঘির দমদমা বেলী ব্রিজে গতকাল ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল মোমেন নামে এক জন নিহত হয়েছেন। মোমেন উপজেলার ছোট আখিড়া গ্রামের মোজার ছেলে।
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার সুকানপুকুর মোড় (ভিক্কুর মোড়) নামক স্থানে গতকাল একটি যাত্রীবাহী বাস উলটে অন্তত ১৫ জন আহত হয়েছে।