সমাজ বিনির্মাণে সক্ষম চলচ্চিত্র নির্মাণ করুন: তথ্যমন্ত্রী

উন্নত, শান্তিময় ও সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্রকারদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারে নবনির্মিত স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘চলচ্চিত্রের দর্শক কমেনি, স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখাই তা প্রমাণ করেছে। দর্শকদের প্রয়োজন সুন্দর পরিবেশ ও সুস্থ বিনোদনের চলচ্চিত্র।’

স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমানের সভাপতিত্বে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আরো পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফটোগ্রাফারের হাতে খুন মডেল মানসী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্রের  শক্তি তরুণদের মাঝে অমিত দেশপ্রেম সঞ্চারে সক্ষম। আমাদের সেই চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণদের উজ্জীবিত করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চলচ্চিত্রবান্ধব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতি জেলায় সিনেপ্লেক্স নির্মাণের বিষয়ে কাজ করবে সরকার।’

ডিবেট ফর ডেমোক্র‍্যাসি'র কর্ণধার হাসান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

ইত্তেফাক/বিএএফ