বিএনপির ভাইস চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
তার পরিবারের সদস্যরা জানান, জ্বর নিয়ে গত ১০ মার্চ সিএমএইচে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। পরে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ১৩ মার্চ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার হার্ট অ্যাটাক হয়। গতকাল সকাল ১০টার দিকে আবারও তার হার্ট অ্যাটাক হয়। জানাজা শেষে বাদ আসর বনানীর সামরিক গোরস্তানে করোনার নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।