ইমরান খানের সুস্থতা কামনা করলেন মোদি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত টুইট-বার্তায় মোদি ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেন।

মোদি তার সংক্ষিপ্ত টুইট-বার্তায় বলেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত সেরে উঠুন। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

আগে শনিবার (২০ মার্চ) দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান একটি টুইট-বার্তায় বলেন, 'প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি।' 

অপর এক টুইট বার্তায় পিটিআই সিনেটর ফয়সাল জাবেদ খান জানান, প্রধানমন্ত্রীর শরীরে ভাইরাসটির হালকা লক্ষণ রয়েছে। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল কাজ করবেন।

এর আগে শুক্রবার খাইবার পাখতুন প্রদেশের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে যান পাক প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।একইদিন তিনি সোয়াত মটরওয়ে পরিদর্শনে গিয়েছেন। সেখানে সোয়াত এক্সপ্রেসওয়ে টানেল উদ্বোধন করেন ইমরান খান।

ইত্তেফাক/এএইচপি