বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষ

বাংলাদেশ, পাকিস্তান, শাদ ও মিয়ানমারের নারীদেরকে বিয়ে করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী এসব দেশ থেকে প্রায় ৫ লাখের মতো নারী বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন। বিদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে নানা বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে সৌদি পুরুষদের ওপর চার দেশের নারীদের বিয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানান, বিদেশি নারীদের বিয়েতে সৌদি পুরুষদের নিরুত্সাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তাই বিদেশি কাউকে বিয়ে করতে চাইলে প্রথমে সরকারের অনুমোদন নিতে হবে।

এছাড়া বিবাহ বিচ্ছেদ হয়ে থাকলে ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত আবেদন করা যাবে না। আবেদনকারীর বয়স অবশ্যই ২৫-এর বেশি হতে হবে এবং স্থানীয় মেয়রের স্বাক্ষর থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রও সংযুক্ত করতে হবে।