গোল্ডেন গ্লোবস ও এমি অ্যাওয়ার্ডস দুধের স্বাদ ঘোলে মিটিয়েছে! কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধির কথা ভেবে এই দুটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে বিজয়ী ও মনোনীতরা অংশ নিয়েছেন। কিন্তু অস্কার আয়োজকরা সেই পথ অনুসরণ করবেন না। ফলে প্রত্যেক মনোনীত কলাকুশলীকে হাজির থাকতে হবে সশরীরে। করোনা সতর্কতা মেনেই দারুণ অনুষ্ঠান উপহার দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দুই শতাধিক মনোনয়নপ্রাপ্তকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে, জুম অ্যাপের মাধ্যমে অস্কার মঞ্চে তাদের হাজির করার বিকল্প পথ বেছে নেবেন না আয়োজকরা।
অস্কার অনুষ্ঠানের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, স্টেসি শের ও জেসি কলিন্স চিঠিতে উল্লেখ করেছেন, মনোনয়নপ্রাপ্ত সবার জন্য নিরাপদ ও উপভোগ্য একটি সন্ধ্যা উপহার দিতে চান তারা। একইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি দর্শকের কথাও ভাবা হচ্ছে। তাই ভার্চুয়াল মাধ্যমে সেই আবেদন হ্রাস পেতে পারে। তাদের আশঙ্কার উদাহরণ হতে পারে গোল্ডেন গ্লোবস, এমি অ্যাওয়ার্ডস ও গ্র্যামি অ্যাওয়ার্ডস। গত একদশকের মধ্যে সবচেয়ে কম দর্শক ছিল এই তিনটি আয়োজন সরাসরি সম্প্রচারের সময়।
চিঠিটি প্রকাশ করেছে আমেরিকান বিনোদনমূলক ওয়েবসাইট ডেডলাইন। এতে তিন প্রযোজক লিখেছেন, ‘যারা ব্যস্ততা কিংবা ভ্রমণ অস্বস্তিকর হওয়ার কারণে অস্কার ভেন্যুতে আসতে পারবেন না, তাদের জুম অ্যাপের সহায়তা নেওয়ার সুযোগ থাকবে না। তবে সবার জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় একটি সন্ধ্যা নিশ্চিত করবে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।’
আগামী ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলসের প্রধান রেলস্টেশন ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার। দুটি ভেন্যুতে করোনা পরীক্ষার সুব্যবস্থাসহ সুরক্ষা টিম দায়িত্ব পালন করবে। প্রত্যেককে নমুনা পরীক্ষা করিয়ে ঢুকতে দেওয়া হবে। লস অ্যাঞ্জেলসের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং লস অ্যাঞ্জেলসে স্থায়ীভাবে থাকা কলাকুশলীদের জন্য অন্যান্য নির্দেশাবলী থাকবে।
অস্কার প্রযোজকরা মনোনীতদের ক্যাজুয়াল পোশাকে না আসার আহ্বান জানিয়েছেন। কারণ গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে সাদাসিধে পোশাক পরে এসেছিলেন কয়েকজন বিজয়ী তারকা। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা অনুপ্রেরণা ও উদ্দীপনার একটি সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছি। আনুষ্ঠানিক পোশাক থাকলেই সেটি পরিপূর্ণভাবে মানানসই মনে হবে, ক্যাজুয়াল পোশাকে নয়।’
ডেডলাইনের তথ্যানুযায়ী, ডলবি থিয়েটারে জমকালো মঞ্চে পুরস্কার বিতরণের আগে মনোনীত ও তাদের অতিথিদের জন্য ১৩ কিলোমিটার দূরে ইউনিয়ন স্টেশন চত্বরে থাকবে ৯০ মিনিটের বিশেষ আয়োজন। পুরো অনুষ্ঠান এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে।
সাধারণত ৩ হাজার ৪০০ আসনের ডলবি থিয়েটারে বিশ্বের প্রথম সারির শত শত চলচ্চিত্র তারকারা অংশ নেন। লালগালিচায় ঝাঁকে ঝাঁকে আলোকচিত্রী ও ক্যামেরা ক্রুরা থাকেন। কিন্তু এবার মনোনীতদের বাইরে অস্কার অনুষ্ঠানে থাকবেন শুধু পুরস্কার তুলে দেওয়ার দায়িত্ব পাচ্ছেন যারা। বিজয়ীরা প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেবেন ভার্চুয়ালি।
গত পাঁচবারের মতোই অনুষ্ঠানটি পরিচালনা করবেন গ্লেন ওয়েইস। প্রযোজকদের কথায়, ‘আমাদের পরিকল্পনা— এবারের অস্কার কোনও টিভি শো নয়, বরং সিনেমার মতো দেখাবে। সেটা কীভাবে করা যাবে সেই ভাবনা নিয়েই যুক্ত হয়েছেন গ্লেন। ভাবনার দিক থেকে আস্থাভাজন হিসেবে তাকে পেয়ে আমরা আনন্দিত।’
গ্লেন ওয়েইস ৮৮তম থেকে ৯২তম অস্কার অনুষ্ঠান টানা পরিচালনা করে দু’বার প্রাইমটাইম এমিস জিতেছেন। এছাড়া ১৯বার টনি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান পরিচালনার জন্য তিনবার প্রাইমটাইম এমিস এসেছে তার ঘরে।
ইংল্যান্ডের লন্ডন থেকে গত ১৫ মার্চ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করেন ভারতীয় অভিনেত্রী-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান সংগীতশিল্পী-অভিনেতা নিক জোনাস। প্রিয়াঙ্কা প্রযোজিত ‘দ্য হোয়াইট টাইগার’ মনোনীত হয়েছে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখায়।
সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ান (মিনারি) এবং চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম)। গতবারের সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার (জুডি) বিজয়ীর হাতে অস্কার ট্রফি তুলে দেবেন।
সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ভায়োলা ডেভিস (মা রেইনি’স ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভ্যানেসা কার্বি (পিসেস অব অ্যা ওম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড) এবং ক্যারি মালিগ্যান (প্রমিসিং ইয়াং ওম্যান)। গতবারের সেরা অভিনেতা ওয়াকিন ফিনিক্স (জোকার) বিজয়ীর হাতে অস্কার তুলে দেবেন।
পার্শ্ব-অভিনেতা শাখায় মনোনীতরা হলেন সাশা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন), ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া), লেজলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি), পল রাসি (সাউন্ড অব মেটাল) এবং লাকিথ স্ট্যানফিল্ড (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)।
পার্শ্ব-অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম), গ্লেন ক্লোজ (হিলবিলি এলিজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), আমান্ডা সাইফ্রায়েড (ম্যাঙ্ক) এবং ইয়া-জাঙ উন (মিনারি)।
৯৩তম অস্কারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগামী ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অ্যাকাডেমি সদস্যরা ভোট দিয়ে বিজয়ী তালিকা চূড়ান্ত করবেন।
ইত্তেফাক/বিএএফ