তেজস্ক্রিয়া

মাধব রায়, কথাসাহিত্যিক

সহকারী অধ্যাপক

ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ সিলেট

গতকালের পর

 

চন্দ্রা বলল-হ্যাঁ মামা, ওই যে বোরের পরমাণু মডেল, আর কিসমিস পুডিং মডেল।

রেখা বলল-হ্যাঁ, তরমুজ মডেল। কিন্তু ডিমের বয়স মাপা হলো কীভাবে বললে না?

বলছি, পরমাণুর মডেলে কী বলা হয়েছিল? প্রশ্ন করলেন নীলকান্তবাবু।

আকাশ ঝটপট জবাব দিল, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে।

বিন্দুর কিছুটা মনে আছে। সে বলল-সৌরজগতের মতো।

হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমাদের মনে আছে। নিউক্লিয়াস স্থায়ী ও অস্থায়ী এই দুই ধরনের হতে পারে। হালকা মৌলিক পদার্থের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কম থাকে। ফলে বিকর্ষণ বল কম হওয়ায় প্রোটন বাইরে যেতে পারে না। সুতরাং নিউক্লিয়াস ভাঙ্গে না এবং অক্ষুন্ন থাকে। এদেরকে বলা হয় স্থায়ী নিউক্লিয়াস। কিন্তু ভারি মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি থাকায় এদের মধ্যে বিকর্ষণ বল বেশি। ফলে প্রোটন নিউক্লিয়াস থেকে ছিটকে বেরিয়ে আসে এবং অন্য নিউক্লিয়াসে পরিণত হয়। এদেরকে বলা হয় অস্থায়ী নিউক্লিয়াস।

কিন্তু কোনগুলো হালকা আর কোনগুলো ভারি নিউক্লিয়াস কীভাবে বোঝা যাবে? প্রশ্ন করল অণু।

পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি হলে এগুলো ভারি, এবং এর নিউক্লিয়াস স্থায়ী হয় না। অস্থায়ী নিউক্লিয়াস আপনা আপনি ভাঙতে শুরু করে এবং এক ধরনের রশ্মি বিকিরণ করে। এই রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি।

কিন্তু পারমাণবিক সংখ্যাটা কী? বলল কণিকা।

পারমাণবিক সংখ্যা হলো মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা। আর ভরসংখ্যা হলো প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, নীলকান্তবাবু বললেন। নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের অনুপাত ১.৫ এর বেশি হলে প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ বল দ্রুত বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখতে পারে না।

       পরের অংশ আগামীকাল