১৯৭১ সালের মার্চ মাসে তদানীন্তন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক চলাকালেই ২২ মার্চে দেশের পত্রিকাগুলো ‘বাংলার স্বাধিকার’ শিরোনামের বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এতে বঙ্গবন্ধুর শুভেচ্ছা বাণী প্রকাশ করা হয়—‘বাংলাদেশের সাত কোটি মানুষের সার্বিক মুক্তির জন্য আমাদের এ সংগ্রাম। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’ এতে পাকিস্তান সরকার সংবাদ প্রকাশের ব্যাপারে অনৈতিক চাপ প্রয়োগ করে। এ অবস্থায় ‘দি পিপল’ পত্রিকা প্রকাশের জন্য ‘অবরুদ্ধ বাংলাদেশ: কণ্ঠরুদ্ধ সংবাদপত্র’ শিরোনামে প্রতিবেদন লেখে। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগেই ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী দি পিপল অফিসে আক্রমণ করে এবং এতে ৬ জন সাংবাদিক নিহত হন। ২৬ মার্চে দৈনিক ইত্তেফাক এবং ২৮ মার্চে দৈনিক সংবাদ পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়।
ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৬৪টি পত্রিকা প্রকাশের তথ্য পাওয়া যায়। এগুলোর মধ্যে কয়েকটি দৈনিক এবং বেশিরভাগ সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, সাময়িক, বুলেটিন, ম্যাগাজিন, নিউজলেটার। মুজিবনগর সরকারের পক্ষ থেকে প্রকাশিত আওয়ামী লীগের মুখপত্র ‘জয় বাংলা’-র সম্পাদকীয়গুলোতে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা, নারী ধর্ষণ, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়। ‘বঙ্গবাণী’ পত্রিকা পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ তুলে ধরে এর বিচার দাবি করে। ‘স্বদেশ’ পত্রিকা মুক্তিযুদ্ধের লক্ষ্য-উদ্দেশ্য, পাকিস্তানের বৈষম্যনীতি ইত্যাদি উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার যৌক্তিকতা তুলে ধরে। ‘বাংলাদেশ’ পত্রিকার বিভিন্ন সংখ্যায় বঙ্গবন্ধুর প্রহসনের বিচারের সমালোচনা, নারীদের প্রতি পাকিস্তানি বাহিনীর নির্যাতন-নিপীড়ন ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে অবস্থানের জন্য বিশ্বের ২৪টি দেশের প্রতি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবেদন প্রকাশ করা হয়। ‘রণাঙ্গণ’ পত্রিকা সম্পাদকীয়তে ইয়াহিয়া খানের বিশ্বাসঘাতকতা ও বঙ্গবন্ধুর বিচারের সমালোচনাসহ মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরে। ‘স্বাধীন বাংলা’র বিভিন্ন সংখ্যায় বাংলার নারীসমাজকে বাঁচানোর জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়। মুক্তিযুদ্ধ, সোনার বাংলা, বিপ্লবী বাংলাদেশ, নতুন বাংলা, জাগ্রত বাংলা, অগ্রদূত, আমার দেশ, অভিযান, মুক্তি, দুর্জয় বাংলা, বাংলার মুখ, জন্মভূমি, সাাপ্তাহিক বাংলা, দাবানল, স্বাধীন বাংলা, The Bangladesh, The Nation, Bangladesh Todayসহ অনেক পত্রিকা-সংবাদমাধ্যম নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।