এবার সিনেপর্দায় সাকিব!

বিনোদন রিপোর্ট

 

বিভিন্ন অঙ্গনের তারকাদের জীবন নানা সময়ে উঠে এসেছে সিনেমার পর্দায়। আর জীবনের গল্পটা যদি হয় ক্রিকেট তারকার, তবে এই উপমহাদেশে দর্শকের অভাব হয় না। সেই ধারাবাহিকতায় এবার দেশের সিনেপর্দায় আসছে সাকিব আল হাসানের জীবন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। সাকিব নিজেই এই তথ্য জানিয়েছেন। গত শনিবার রাতে এক ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার বায়োপিকের ব্যাপারে কথা বলেন। শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত বলে জানান সাকিব। তিনি বলেন, ‘অনেকদূর এগিয়েছিল সিনেমাটির আলোচনা। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে। তবে পরিস্থিতি ঠিক হলে আশা করি আবার সেই জায়গা থেকে কাজটি শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে। তবে এটার এক্সাক্ট আপডেট কী আমি জানি না, তবে আই উইল ফাইন্ড আউট দ্যাট’। কিন্তু ছবিটির পরিচালক, শিল্পী কারা থাকছেন সে বিষয়ে কিছুই জানাননি শাকিব। তবে শোনা যাচ্ছে, তার স্ত্রী শিশিরের চরিত্রে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং সাকিবের চরিত্রে জিয়াউল রোশান বা ইয়াশ রোহানকে দেখা যেতে পারে।