বিনোদন ডেস্ক
বর্তমানে ‘ভেদিয়া’, ‘মিমি’ ও আদি পুরুষ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা কৃতি শ্যানন। প্রতিটি সিনেমাতে নিজেকে ভিন্নরূপে তুলে ধরতে কঠোর পরিশ্রম করছেন তিনি। একইসঙ্গে এতগুলো সিনেমায় নানারূপে নিজেকে উপস্থাপন তার জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই অভিনেত্রী। কৃতি বলেন, ‘যখন কোনোকিছুতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং মানুষ আপনাকে ভালোবেসে গ্রহণ করে তখন দায়িত্ববোধ বেড়ে যায়। ভালো কিছু করার মনোবাসনা তৈরি হয় এবং নিজের ভেতরে চ্যালেঞ্জ নেওয়ার আত্মবিশ্বাস বাড়ে। প্রতিটি সিনেমায় ভক্তরা তার প্রিয় তারকাকে ভিন্নরূপে দেখতে চায়। আমিও চেষ্টা করছি নিজেকে একইরূপে তাদের সামনে না নিয়ে আসতে। তবে একসঙ্গে এতগুলো কাজে নিজেকে উপস্থাপন সত্যি খুব চ্যালেঞ্জের মনে হচ্ছে।’ এর আগে তার প্রতিটি সিনেমায় আলাদা রূপে দেখেছেন দর্শকরা। এক্ষেত্রে অল্প সময়ে বেশ গ্রহণযোগ্যতার পাশাপাশি প্রশংসিতও হয়েছেন তিনি। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বরাবরই সচেতন কৃতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময়ই বিভিন্ন ঘরানার চরিত্রে কাজ করতে পছন্দ করি। নিজেকে একই বৃত্তে আবদ্ধ রাখতে চাই না। আমি সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাই।’‘হিরোপ্যান্টি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী গত কয়েক বছরে বলিউডে নিজের অবস্থান জানান দিয়েছেন বেশ ভালোভাবেই। আর নিজের এই ক্যারিয়ার উত্থানের পেছনে ‘বারেলি কি বারফি’ ও ‘লুকাছুপি’ সিনেমা দুটি বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন কৃতি।