বাজারব্যবস্থা মনিটরিং করুন

প্রতি বছরই রমজান মাসকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের মূল্য কয়েকগুণ বেড়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে ভোগ্যপণ্যের দাম আকাশচুম্বী করে তোলে। যার ফলে জনসাধারণকে পোহাতে হয় চরম ভোগান্তি। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। রমজান আসার আগেই চাল, ডাল, তেল থেকে শুরু করে পেঁয়াজ, গাজর, মাছ-মাংসের দাম হুট করে বেড়ে গেছে। ৩০ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে ৫৫ টাকায়, ১১৫ টাকার সয়াবিন এখন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এমন অবস্থায় যা ব্যবস্থা নেওয়ার এখনই নেওয়া উচিত। সংশ্লিষ্টদের কাছে বাজারব্যবস্থা মনিটরিং করে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

আ. রহমান দেওয়ান

শিক্ষার্থী, রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ,

রামগঞ্জ, লক্ষ্মীপুর