কাউনিয়ায় ব্রিজের সংযোগ সড়ক সংস্কার হয়নি

স্টাফ রিপোর্টার, রংপুর

বন্যায় ভেঙে যাওয়া রংপুরের কাউনিয়া উপজেলার মানাস শাখা নদীর ওপরে নির্মিত ব্রিজের সংযোগ সড়কটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন পাঁচ গ্রামের মানুষ। ব্রিজটি উপজেলার হারাগাছ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুমগড়া এলাকায় অবস্থিত। শাহজাহান, এরশাদুল, ছাদেকুলসহ স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গত বছরের বন্যায় ব্রিজের সংযোগ সড়কটি ভেঙে গেলেও এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। এতে দীর্ঘ পথ ঘুরে আমাদেরকে বাজার-হাট করতে হচ্ছে। এ ব্যাপারে কাউনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, আমরা সরকারিভাবে চাহিদা পাঠিয়েছি। বরাদ্দ পেলেই ব্রিজটির সংযোগ সড়ক সংস্কার করা হবে।