ফুলবাড়ীতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে অনীহা

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সবার মাস্ক পরা নিশ্চিত করতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হলেও ফুলবাড়ী উপজেলার প্রায় সবখানেই তা উপেক্ষিত বলা চলে। বিশেষ করে হাটবাজারে অধিকাংশ ক্রেতা-বিক্রেতা মানছে না স্বাস্থ্যবিধি। চলছে বিভিন্ন অনুষ্ঠানের নামে গণজমায়েতসহ আড্ডাবাজী। হোটেল-রেস্তোরাঁগুলোতেও স্বাস্থ্যবিধির বালাই নেই। গাদাগাদি করে চলছে খাওয়া-দাওয়া। ঐ চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সবার মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে মনিটরিং করতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ফুলবাড়ী বসজি বাজারে আসা এক ক্রেতা বলেন, মাস্ক পরে কী হবে? বাজারে আসলে তো শুধু মাস্ক পরলেই চলবে না, স্বাস্থ্যবিধি মানতে হবে। কে মানছে স্বাস্থ্যবিধি। সবাই তো সবার গায়ে গা ঘেঁষে বেচাকেনা করছেন। একই শর্তে এক সবজি দোকানি বলেন, মানুষকে এসব কথা বললে আমাদের পেট চলবে না। বেচাকেনা না হলে খাবো কী? ভাগ্যে যা আছে তাই হবে। আগে পেটের চিন্তা তারপর স্বাস্থ্যবিধি মানা-মানি।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ফুলবাড়ীতে স্বাস্থ্যবিধি মানার মানুষের কোনো লক্ষণই নেই। কেউই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না। বর্তমান সময়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কোভিড-১৯ (করোনায়) আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে ফুলবাড়ীতে কোনো করোনা রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে না চললে ফুলবাড়ীতেও আক্রান্তের সংখ্যা দেখতে হবে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে পৌরসভাসহ ইউনিয়নগুলোতে এ ব্যাপারে মাইকিং করা হবে।

তজুমদ্দিনে ইউপি নির্বাচন