কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দিনাজপুরে অভিযান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে কলেজ ও স্কুলগামী কিছু ছাত্র জড়িয়ে পড়ছে মাদক, জুয়াসহ নানান অপকর্মে। এসব শিক্ষার্থী অসত্সঙ্গে জড়িয়ে পড়ে তৈরি করছে কিশোর গ্যাং। দিনাজপুর জেলায় কিশোর গ্যাং নির্মূলে সম্প্রতি অভিযান শুরু করেছে পুলিশ। দিনাজপুর জিলা স্কুলের পেছনে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং-এর ২০ সদস্যকে আটক করে।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, কিশোর গ্যাং-এর ২০ সদস্যের মধ্যে ১৩ জনই কলেজ শিক্ষার্থী। এদের মধ্যে পাঁচ জন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, চার জন বিরল সরকারি ডিগ্রি কলেজের ছাত্র, দুই জন দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র, একজন দিনাজপুর সরকারি সিটি কলেজের ছাত্র এবং অপর একজন মাউন্ট এভারেস্ট কলেজের ছাত্র। বাকী সাত জন শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।

দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় জিলা স্কুলের পেছনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জনই বিভিন্ন কলেজের ছাত্র। আটককৃতরা সকলেই কিশোর গ্যাং-এর সদস্য। তারা মোবাইলে বিভিন্ন ধরনের জুয়া খেলত এবং একত্রিত হয়ে মাদক সেবন করছিল। যদিও মানবিক বিবেচনা করে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে রাতে তাদের অভিভাবকদের হাতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আনেয়ার হোসেন শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তানটি সন্ধ্যার পর কোথায় যায়, কোথায় আড্ডা দেয় এবং কার সঙ্গে মিশে এ ব্যাপারে খোঁজখবর রাখা দরকার। অনলাইনে গেম, পাবজিতে আসক্ত থেকে বিরত রাখার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। আর তা না হলে আপনার সন্তান পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে পড়বে। তিনি বলেন, সমাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কিশোর গ্যাং নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং এরপর আর কাউকে ছাড় দেওয়া হবে না।