অ্যাওয়ার্ড পেলেন ১৯ সাংবাদিক
ইত্তেফাক রিপোর্ট
আসন্ন বাজেটে পোলট্রি খাতের উন্নয়নে যৌক্তিক ক্ষেত্রে কর রেয়াতের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, মাছ ও পোলট্রি খাদ্য তৈরির শিল্প দেশে বিকশিত হলে উত্পাদন খরচ আমরা কমাতে পারব এবং কম মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ভোক্তাদের নিকট পৌঁছে দিতে পারব। সেইসঙ্গে এসকল পণ্য বিদেশেও রপ্তানি করতে পারব। এ শিল্প বিকাশে যেখানেই সমস্যা হবে সেটা আমরা সমাধান করব।
গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মত্স্য ও পোলট্রি খাদ্যে পাটের ব্যাগ ব্যবহার এবং একাধিকবার মান নিয়ন্ত্রণ পরীক্ষাজনিত সমস্যা অচিরেই সমাধান করা হবে বলেও এসময় আশ্বস্ত করেন মন্ত্রী।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি ( বিপিআইসিসি) মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আবদুল জলিল। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এবং টিভি টুডে’র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৯ জন সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নিজামুল হক ও মুন্না রায়হানও অ্যাওয়ার্ড পেয়েছেন।